ঢাকা শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:০০ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, তাঁর দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পল কাপুর। ওয়াশিংটন সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে পল কাপুরের যোগ দেওয়া নিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেওয়া হয়। এতে পল কাপুরের বক্তব্য রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ 
করে তোলে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে পল কাপুর দুই দেশের সম্পর্কের গুরুত্বসহ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসা- বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারাবিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। 

বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত 
নিতে পারে, সেই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।
চীনের নাম উল্লেখ না করলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন পল কাপুর। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারে।’

Link copied!