ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

রমজানের প্রথম দশকে হারামাইনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১১:৪৭ পিএম

রমজানের প্রথম দশকে হারামাইনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি

রমজানের প্রথম ১০ দিনে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।

দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের রমজানের প্রথম দশকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি ও ওমরাহকারীর সংখ্যা ৩১,৯৫০,০০০ জনে পৌঁছেছে।

রমজানজুড়ে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা সংলগ্ন মসজিদে নববী পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত পালনের সুযোগ করে দিতে হাজারো কর্মী, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান সহজ করা, নামাজের স্থান পরিচ্ছন্ন রাখা, জমজম পানি সরবরাহ, দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির চাপ সামাল দিতে সমন্বিত পরিকল্পনায় কাজ চলছে।

সাধারণত রমজানের প্রথম দশকে মুসল্লির উপস্থিতি ধারাবাহিকভাবে বাড়তে থাকে। তবে শেষ দশকে, বিশেষ করে শবে কদর অনুসন্ধানের রাতগুলোতে সবচেয়ে বেশি ভিড় হয়। সে সময় আরও বড় জমায়েতের আশঙ্কায় প্রস্তুতি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রমজানের বরকতময় পরিবেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের পদচারণায় হারামাইন শরিফাইন এখন পরিপূর্ণ আধ্যাত্মিক আবহে মুখর।

Link copied!