ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

যুদ্ধের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:৩৬ পিএম

যুদ্ধের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি বিভিন্ন অন্যান্য এয়ারলাইন্সও ফ্লাইট বন্ধ রেখেছে। 

এমন পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। কিছু দিন আগে ওমরাহ পালন করতে তিনি মক্কায় গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে তাকে।

 

বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে ভবন থেকে

ফেসবুকে পোস্টে মুশফিক লিখেছেন, ‍‍`আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।‍‍`

 

তিনি আরও লিখেছেন, ‍‍`এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় যেতে পারবো।‍‍`

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। 

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উপসাগরীয় ওই পাঁচ দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

Link copied!