প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:০৪ পিএম
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের মোট ২৬৮টি ফ্লাইট যুদ্ধের কারণে বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত আট দিনে এসব ফ্লাইট বাতিল হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, শনিবার একদিনে ঢাকা থেকে কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট বাতিল হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত ঘটেছে।
বিস্তারিতভাবে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়েছিল। ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়।
বিমানবন্দর সূত্রের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। তাই ঢাকা থেকে ওই অঞ্চলের ফ্লাইট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছু সময় লাগতে পারে।
আপনার মতামত লিখুন :