ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সিদ্ধান্ত ৬ এপ্রিল

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:৩৬ পিএম

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সিদ্ধান্ত ৬ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিলসহ সব সিদ্ধান্ত জানা যাবে আগামী ৬ এপ্রিল। এজন্য ওইদিন নির্বাচন কমিশনের (ইসি) ১১তম কমিশন সভা ডাকা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসির একাধিক কর্মকর্তা সমকালকে এ তথ্য জানান। এর আগে ৬ এপ্রিলে এই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিলেন সংস্থাটির কর্মকর্তারা। 
ওই কমিশন সভায় নির্বাচন কমিশনাররা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেবেন বলে ইসি সূত্র জানিয়েছে।

ইসি সূত্র বলছে, এবারের কমিশন সভায় পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এগুলো হচ্ছে– সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ; ৯ এপ্রিলে অনুষ্ঠেয় শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন বিষয়ে অবহিতকরণ; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা ও নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ। এ ছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে। 

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে নাকি করবে না, সে বিষয়ক কার্যক্রম শেষ করতে হয়। তার পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সেই হিসাবে ৫ এপ্রিল ৩০ কার্যদিবস শেষ হবে এবং ৬ এপ্রিল সংরক্ষিত নারী আসন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন করতে হয়। সেই হিসাবে ১৪ মে-র আগে যে কোনো দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এপ্রিল মাসেই এই নির্বাচন শেষ করতে চায় কমিশন।

কোনো জোটেই যাবেন না রুমিন ফারহানা  
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে যোগ দেবেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল ইসি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। ইসি সূত্র আরও জানায়, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠির জবাবে রুমিন ফারহানা ইসিকে জানিয়েছেন, তিনি কোনো জোটে থাকবেন না। এ নির্বাচনে তিনি একজন ভোটার হিসাবে অংশ নেবেন।

Link copied!