ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

শিরোপা কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ সেনেগাল কোচ, ‘মাঠেই জেতা হয় ট্রফি’

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৪৭ এএম

শিরোপা কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ সেনেগাল কোচ, ‘মাঠেই জেতা হয় ট্রফি’

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সেনেগাল কোচ পাপে থিয়াও। শুক্রবার প্যারিসে সংবাদ সম্মেলনে সেনেগাল কোচ স্পষ্ট ভাষায় বলেন, ‘ট্রফি মাঠেই জেতা হয়, অন্য কোথাও নয়।’

পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে থিয়াও বলেন, ‘আমি আমার কাজেই মনোযোগী। বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

সবাই জানে আমরাই আফ্রিকার চ্যাম্পিয়ন। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব, আরো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে।’

 

শনিবার সেনেগাল দল ফ্রান্সের স্টাদ দ্য ফ্রান্সে পেরুর বিপক্ষে মাঠে নামবে। এটি বিশ্বকাপ প্রস্তুতির অংশ, যেখানে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স, নরওয়ে এবং বলিভিয়া-ইরাক প্লে-অফের বিজয়ী দল।

 

গত ১৮ জানুয়ারি রাবাতে মরক্কোর বিপক্ষে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছিল সেনেগাল। তবে ম্যাচটি বিতর্কিত হয়ে ওঠে, যখন নির্ধারিত সময়ের শেষদিকে মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান।

প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা মাঠে ফিরে আসেন। পরে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেয় সেনেগাল, যা তাদের জয় নিশ্চিত করতে সাহায্য করে।

 

কিন্তু পরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন সেনেগালের বিরুদ্ধে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ১-০ জয়কে ৩-০ হার হিসেবে ঘোষণা করে এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে সেনেগাল।

সেনেগাল অধিনায়ক ইদ্রিসা গানা গেয়ে বলেন, ‘মাঠে আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা প্রমাণ করেছি, এখন সেটি মাঠের বাইরেও প্রমাণ করার চেষ্টা করব। আমরা কোনো কিছু চুরি করিনি। পুরো দেশ কঠোর পরিশ্রম করেছে।

 

তিনি আরো জানান, প্রয়োজনে উত্তেজনা কমাতে মরক্কোর কাছে পদক ফিরিয়ে দিতেও প্রস্তুত তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের অর্জনের অনুভূতি কোনো কিছু দিয়ে বদলানো সম্ভব নয়।’

Link copied!