প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩১ পিএম
দিনাজপুরের বিরামপুর উপজেলার শহর ও বিভিন্ন হাটবাজারে রমজান শুরুর আগের দিন মিলছে না খোলা ও বোতলজাত সয়াবিন তেল। দু–একটি খুচরা দোকানে সীমিত পরিমাণ খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগেও বিরামপুরে চাহিদা অনুযায়ী খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে। কিন্তু রমজান শুরুর আগের দিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাজারে সব ধরনের সয়াবিন তেলের সংকট দেখা দেয়। পুরাতন বাজারের পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কাছে সয়াবিন তেল নেই।
দোকানিরা জানান, গত কয়েক দিন পরিবহন বন্ধ থাকায় সরবরাহ ব্যাহত হয়েছে।
খুচরা বিক্রেতা সুমন আহমেদ বলেন, দুই দিন আগে খোলা সয়াবিন তেল ১৯৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। কিন্তু বুধবার পাইকারি বাজারে গিয়ে শুনি তেল নেই। দু–একজনের কাছে সীমিত পরিমাণ পাওয়া গেলেও পাইকারি দাম নেওয়া হচ্ছে ২০৫ থেকে ২১০ টাকা। ফলে খুচরা বাজারে ২২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, পার্শ্ববর্তী উপজেলার বাজারগুলোতে এখনও ২০০ টাকা কেজি দরে সয়াবিন বিক্রি হচ্ছে। কিন্তু বিরামপুরের কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় করছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন, বাজারে প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :