ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

কুষ্টিয়ায় ডিসি প্রত্যাহার ঘিরে পক্ষে–বিপক্ষে কর্মসূচি, মুখোমুখি জামায়াত–বিএনপি

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৩৪ পিএম

কুষ্টিয়ায় ডিসি প্রত্যাহার ঘিরে পক্ষে–বিপক্ষে কর্মসূচি, মুখোমুখি জামায়াত–বিএনপি

কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি ঠেকাতে তাঁর পক্ষ নিয়ে জামায়াত–শিবির ‘মব’ তৈরি করছে অভিযোগ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিএনপির সমর্থকেরা

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন–কে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারির পর তাঁকে বহাল রাখা ও প্রত্যাহার কার্যকর করা নিয়ে জেলায় উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা পক্ষে–বিপক্ষে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন।

রোববার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির পর থেকে সোমবার বিকেল পর্যন্ত কুষ্টিয়া শহর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে পক্ষে–বিপক্ষে আলোচনা চলছে।

জামায়াত, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা দাবি করেন, জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন এবং তাঁকে বহাল রাখতে হবে। অন্যথায় অসহযোগ আন্দোলন ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে তাঁরা আন্দোলন করেন।

সোমবার সকাল থেকে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বেলা একটার দিকে জেলা প্রশাসক সরকারি গাড়িতে কার্যালয় ত্যাগের চেষ্টা করলে আন্দোলনকারীরা কিছু সময় তাঁর গাড়ির সামনে অবস্থান নেন। পরে তাঁরা সরে গেলে গাড়িটি ছেউড়িয়ার লালন একাডেমির দিকে চলে যায়। এ সময় জেলা প্রশাসক কোনো বক্তব্য দেননি।

অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা ‘২৪-এর গণ–অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশন ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের দাবি, জেলা প্রশাসকের বদলি ঠেকাতে একটি পক্ষ ‘মব সন্ত্রাস’ ও অবৈধ কর্মসূচি দিচ্ছে।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা রোববার রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাম উল্লেখ না করে একটি পোস্ট দেন, যা পরে মুছে ফেলা হয়। এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, একজন সরকারি কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে একটি বিশেষ মহলের অতিউৎসাহী ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

জেলা প্রশাসকের প্রত্যাহারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Link copied!