প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:১১ পিএম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে খেলার কথা ইরানেরও।
তবে এমন অবস্থায় বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। ইরান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ম্যাচ খেলতে যাবে কি না, এ মুহূর্তে তিনি কিছুই জানেন না।

ক্রীড়া পোর্টাল ‘ভারজেশ থ্রি’কে দেওয়া সাক্ষাৎকারে তাজ বলেন, ‘এ হামলার পর বিশ্বকাপকে সামনে রেখে আমাদের কাছ থেকে আশাবাদী হওয়ার প্রত্যাশা করা যায় না, এটুকু নিশ্চিত। যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা আমাদের মাতৃভূমিতে আঘাত হেনেছে। এ ঘটনা বিনা জবাবে পার পাবে না।’
একই ইস্যুতে ইরানের সরকারি টেলিভিশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার পর আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে পারব, এমনটা হওয়ার সম্ভাবনা কম। ক্রীড়ার বিষয়টি যারা দেখেন, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর জবাবে নিয়মিত হামলা করছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।
আপনার মতামত লিখুন :