বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৭ মার্চ নিকারের বৈঠকে ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের প্রস্তাব অনুমোদন পায়।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) গত বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত ১১১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে এ বছরের ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় ‘জিয়ানগর’ করার দাবি তোলে স্থানীয় জনসাধারণ। হাজার হাজার মানুষের স্বাক্ষর সংবলিত আবেদন পিরোজপুর জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হলে বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয় এবং নিকারের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৭ মার্চ নিকারের বৈঠকে ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের প্রস্তাব অনুমোদন পায়। পরে ১৭ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতির আদেশক্রমে পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নের ৯২.৫৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ‘জিয়ানগর’ নামে নতুন উপজেলা গঠন করা হয়। একই বছরের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুর সফরকালে জিয়ানগর উপজেলার উদ্বোধন করেন।
এর আগে ১৯৮০ সালের ২৮ জুলাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাসনামলে ইন্দুরকানী নৌ থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হয়। ইন্দুরকানীকে ‘জিয়ানগর’ নামকরণের বিষয়ে ভূমিকা রেখেছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।
পরবর্তীতে ২০১৭ সালের ৯ জানুয়ারি নিকারের বৈঠকে নাম পরিবর্তন করে আবারও ‘ইন্দুরকানী’ করার অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে গেজেট জারি করা হয়।
সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে উপজেলার সরকারি নাম হবে ‘জিয়ানগর উপজেলা’। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপনটি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ইন্দুরকানী থেকে উপজেলার নাম জিয়ানগরে ফেরায় আনন্দ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :