তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহীর উদ্দীন স্বপন এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসেরের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন একেএস গ্রুপ এর ব্যবস্হাপনা পরিচালক মো. খালিদ সাইফুল্লাহ। ছবি: আমাদের খবর টোয়েন্টিফোর ডট কম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মনে করেন, টেকসই জাতীয় উন্নয়নের জন্য নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী মনোভাব ও সম্মিলিত দায়িত্ববোধ অপরিহার্য।
সোমবার (২ মার্চ) রাজধানীতে আয়োজিত “নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল”-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ফোরাম অব ইয়ং প্রফেশনালস।
তথ্যমন্ত্রী বলেন, “তরুণ পেশাজীবীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। তাদের চিন্তাভাবনা, সৃজনশীলতা ও সততা দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।” তিনি তরুণদের সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি তরুণদের মধ্যে আর্থিক সচেতনতা, উদ্যোক্তা মনোভাব ও পেশাগত সততার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।
সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি সংগঠনের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নেতৃত্ব বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সমাজে ইতিবাচক অবদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মাননা প্রদান। ফোরাম ও সমাজের প্রতি তাদের নিষ্ঠা, অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের সামনে থাকা সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আপনার মতামত লিখুন :