প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৪৫ পিএম
জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘তড়িঘড়ি’ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৫ জন শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি-অনিয়মের ঘটনা ঘটে। চাকরিপ্রার্থীদের একটি পক্ষ এ নিয়ে আন্দোলনেও নামে। তাতে পাত্তা না দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ সম্পন্ন করেছে।
তবে এ নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এহছানুল হক মিলন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি যে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাতে যদি অনিয়ম হয়, কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তা তদন্ত করা হবে। তদন্তে তেমন কিছু প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের আগে একযোগে ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। এই এমপিওভুক্তিতেও কয়েকশ কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তি হয়ে যায়নি। এটা আমাদের হাতে রয়েছে। এটা রিভিউ করার সুযোগ রয়েছে। আমরা এটা রিভিউ করব।
আপনার মতামত লিখুন :