ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

সত্যিই কি ৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

সত্যিই কি ৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা

বলিউডে অভিনেত্রী নীনা গুপ্তা আবারও আলোচনায়। তবে এবার কোনো নতুন সিনেমা নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অদ্ভুত গুজবকে ঘিরে। ৬৬ বছর বয়সে তিনি নাকি অন্তঃসত্ত্বা—এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে নিজস্ব রসবোধে জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

৬৬ বছর বয়সে গর্ভধারণের গুঞ্জন
সম্প্রতি দক্ষিণের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সে অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হঠাৎই শুরু হয় নতুন জল্পনা। কেউ কেউ মন্তব্য করেন, তাঁর পোশাকের কারণে নাকি তাঁকে একটু ‘বাল্কি’ বা ভারী দেখাচ্ছিল। সেখান থেকেই শুরু হয় গুঞ্জন—৬৬ বছর বয়সে তিনি নাকি গর্ভবতী। বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

‘বাস্তবে কোনো বাধাই হো নেই’—এ গুঞ্জনের জবাব দিতে গিয়ে নীনা গুপ্তা বেশ মজার ভঙ্গিই বেছে নেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাস্তবে কোনো “বাধাই হো” নেই।’ এখানে তিনি ইঙ্গিত করেন তাঁর জনপ্রিয় চলচ্চিত্র ‘বাধাই হো’র দিকে। সেই সিনেমায় তিনি এমন এক মধ্যবয়সী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। নীনা গুপ্তা স্পষ্ট করে বলেন, তিনি মোটেও গর্ভবতী নন। অনুষ্ঠানে যে শাড়ি তিনি পরেছিলেন, তার কাপড় একটু মোটা হওয়ায় তাঁকে ভারী দেখাচ্ছিল। আর সে কারণেই এমন ভুল ধারণা তৈরি হয়েছে।

গুজব নিয়ে বিরক্ত নন
মজার বিষয় হলো, এ গুজব নিয়ে বিরক্ত হওয়ার বদলে তিনি বরং এটাকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন। মজা করে তিনি বলেন, ‘আমার বয়সে আমাকে নিয়ে এমন জল্পনা হচ্ছে, এটাকে আমি দেশের অগ্রগতির লক্ষণ হিসেবে দেখি।’ পরে তিনি সিরিয়াস ভঙ্গিতে বলেন, আগে সমাজে বয়স, মাতৃত্ব বা নারীর শরীর নিয়ে অনেক বেশি সংকীর্ণ ধারণা ছিল। এখন মানুষ এসব বিষয়ে তুলনামূলক খোলামেলা আলোচনা করছে।

ব্যক্তিগত জীবন সব সময় আলোচনায়
নীনা গুপ্তার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কের কারণে সংবাদ শিরোনামে ছিলেন। তাঁদের সম্পর্কের ফলেই ভিভের ঔরসে জন্ম হয় তার মেয়ে মাসাবা গুপ্তার। সে সময় সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে একক মা হিসেবে সন্তান লালন-পালনের সিদ্ধান্ত নিয়ে নীনা গুপ্তা ব্যাপক সাহসিকতার পরিচয় দেন।

Link copied!