আর মাত্র একদিন বাকী। এবার ঈদে আটটি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে পাঁচটি সিনেমা। ঈদে মুক্তির ঘোষণা দেওয়া পাঁচটি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার গান প্রকাশ করে পুরোদমে প্রচারণায় নেমেছেন প্রযোজক, পরিচালক ও শিল্পীরা।
সিনেমাগুলো হল রেদওয়ান রনি পরিচালিত ’দম’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষাস’, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রায়হান রাফীর ‘প্রেসার কুকার’ ও তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।
‘দম’ সিনেমা ‘ইউ’ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি ডলি জহুর প্রমুখ।
ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি ঝলক, যাকে টিজার না বলে নির্মাতা আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। সিনেমাটি নায়ক ছাড়া চার অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে।
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগত নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছে শাকিব খান। তার সঙ্গে আছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ সহ আরও অনেক অভিনয়শিল্পী। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন লোকেশন এবং শ্রীলঙ্কায়ও ছবিটির শুটিং হয়েছে।
ঈদের মুক্তির মিছিলে থাকা ‘রাক্ষস’ সিনেমাটিও আজ মুক্তির অনুমতি পেয়েছে। এটি ১৮ বছরের বেশি বয়সের দর্শক দেখতে পারবেন। এই সিনেমায় সিয়ামের সঙ্গে দেখা যাবে কলকাতার সুষ্মিতা চ্যাটার্জিকে।
তানিম নূর পরিচলিত ‘বনলতা এক্সপ্রেস’ সব সয়সী দর্শকের জন্য মুক্তি অনুমতি দিয়ে সার্টিফিকেশন বোর্ড। এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, শ্যামল মাওলা প্রমুখ।
আপনার মতামত লিখুন :