ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৩২ পিএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।

প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশের জাহাজ পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ বা খাদ্য আমদানি-রপ্তানির কাজে চলাচল করবে, তাদের ইরানকে নির্দিষ্ট টোল ও কর পরিশোধ করতে হবে। বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি।

ইরানের এক আইনপ্রণেতা জানিয়েছেন, প্রণালীটি নিরাপদ রাখার বিনিময়ে অর্থ আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে ‘নতুন শাসনব্যবস্থা’ চালু করা হতে পারে, যার মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ওপর বিশেষ সামুদ্রিক বিধিনিষেধ আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচিত হওয়ায় একতরফাভাবে টোল আরোপের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

Link copied!