ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইরানের হরমুজে অবস্থিত খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৭:৩১ পিএম

ইরানের হরমুজে অবস্থিত খারগ দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখল বা অবরোধের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। এই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে হরমুজ প্রণালি পুনরায় চালু করাকে কেন্দ্র করে কৌশলগত চাপ প্রয়োগের কথা বলা হচ্ছে।

তবে মার্কিন গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, এই প্রতিবেদনের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং এটি চারটি সূত্রের বরাতে প্রকাশিত, যারা নাম প্রকাশে অনিচ্ছুক।

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালি খুলে দেওয়া হোক। এটি নিশ্চিত করতে যদি খারগ দ্বীপ দখল করতে হয়, সেটিও হতে পারে। এমনকি উপকূলীয় অভিযান চালানোর সিদ্ধান্তও হতে পারে—তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরেক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সব সময়ই বিভিন্ন সংঘাতে স্থলভাগে সেনা মোতায়েন করেছে, এবং বর্তমান প্রশাসনও প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবে। তবে তিনি স্পষ্ট করেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়, খারগ দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কোরাল দ্বীপ। যা ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬ মাইল দূরে। এই দ্বীপের মাধ্যমেই ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে, ফলে এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।

যুদ্ধের প্রথম দুই সপ্তাহে এই দ্বীপটি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা থেকে প্রায় অক্ষত ছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় খারগ দ্বীপের বেশিরভাগ অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে দেশটিতে আরও কয়েকবার হামলা চালানো হতে পারে। তবে এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

Link copied!