ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

নিজের ইচ্ছাতেই ফ্রান্স দলে এমবাপ্পে, দুঃসময়ে শেভালিয়ের পাশে দেশম

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৬:০৭ পিএম

নিজের ইচ্ছাতেই ফ্রান্স দলে এমবাপ্পে, দুঃসময়ে শেভালিয়ের পাশে দেশম

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সংশয় ছিল। চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদ তারকা কি পারবেন নীল জার্সিতে ফিরতে? সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল দিদিয়ের দেশম ঘোষণা করেছেন ফ্রান্স দল। সেখানে যথারীতি সেনাপতি হিসেবে থাকছেন এমবাপ্পেই।

যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল গড়েছে ফরাসিরা। ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবরোতে ব্রাজিলের মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এর তিন দিন পর ওয়াশিংটন ডিসিতে কলম্বিয়ার বিপক্ষে লড়বে তারা। এ দুই ম্যাচের জন্যই রিয়াল মাদ্রিদ তারকাকে দলে টেনেছেন দেশম। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের জয়ে বদলি হিসেবে মাঠে নামার পরই এমবাপ্পের ফিটনেস নিয়ে সবুজ সংকেত পান কোচ।

এমবাপ্পের ফেরা নিয়ে দেশমও স্বস্তিটা লুকাতে পারেননি। বললেন, ‘সব নিয়ম মেনেই ওর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। ওর আসার কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু কিলিয়ান নিজে থেকেই আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল।’

এমবাপ্পেকে রাখা ছাড়াও বড় ঘটনা দলে লুকাস শেভালিয়ের টিকে যাওয়া। পিএসজিতে কয়েক ম্যাচে নড়বড়ে পারফরম্যান্সের পর রুশ গোলরক্ষক মাতভেই সাফোনোভের কাছে জায়গা হারিয়েছেন তিনি। বসে থাকতে হচ্ছে বেঞ্চে। তবু ২৪ বছর বয়সী এই গোলরক্ষকের ওপর আস্থা হারাননি দেশম। কোচের ব্যাখ্যাটা বেশ চমৎকার, ‘মাঝে মাঝে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা ক্লাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমার কাজ। এটা বিশ্বাসের ব্যাপার। গত চার মাসে তো আর ওর সামর্থ্য হারিয়ে যায়নি।’

লিভারপুলের উগো একিতিকে এবং ম্যানচেস্টার সিটির রায়ান শেরকিকে নিয়ে আক্রমণভাগকে বেশ ধারালো করেছেন দেশম। ব্র্যাডলি বারকোলা গোড়ালির চোটে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে রানদাল কোলো মুয়ানির। টটেনহামের হয়ে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করে নিজের ফেরার বার্তা দিয়েছেন তিনি। ২০২৫ সালের জুনে জার্মানির বিপক্ষে নেশনস লিগের পর আর ফ্রান্সের হয়ে খেলা হয়নি তাঁর। দেশম স্পষ্ট জানিয়ে দিলেন, মুয়ানির সঙ্গে তাঁর একটা ‘পজিটিভ হিস্ট্রি’ আছে, আর সে ইতিহাসকেই মর্যাদা দিচ্ছেন তিনি।

মে মাসের ১৩ তারিখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশম। ধারণা করা হচ্ছে, এই তালিকার বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্বকাপের বিমানে উঠবেন। তবে দেশম এখনই আগাম কোনো মন্তব্যে যেতে নারাজ। বিশ্বকাপে ‘গ্রুপ আই’য়ে সেনেগাল, নরওয়ে এবং প্লে-অফ থেকে আসা একটি দলের বিপক্ষে লড়বে ফরাসিরা।

ফ্রান্স দল
গোলরক্ষক: লুকাস শেভালিয়ের (পিএসজি), মাইক মাইনিয়ঁ (এসি মিলান), ব্রিস সাম্বা (রেনে)।

ডিফেন্ডার: লুকাস দিনিয়ে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকাস এরনান্দেজ (পিএসজি), থিও এরনান্দেজ (আল হিলাল), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), উইলিয়াম সালিবা (আর্সেনাল)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), এনগোলো কান্তে (ফেনেরবাচে), মানু কোনে (রোমা), আদ্রিয়াঁ রাবিও (এসি মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জাইর-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড: মাগনেস আকলিউশে (মোনাকো), রায়ান শেরকি (ম্যানচেস্টার সিটি), উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে (পিএসজি), উগো একিতিকে (লিভারপুল), রানদাল কোলো মুয়ানি (টটেনহাম), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

Link copied!