ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৫৫ পিএম

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেকো’

ঈদের আনন্দে শ্রোতাদের বাড়তি বিনোদন দিতে প্রতিবারের মতো এবারও গান নিয়ে হাজির হচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। কবির বকুলের কথায় এবং বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের এই গানটি শ্রোতাদের ঈদ আয়োজনে যোগ করবে ভিন্ন মাত্রা।

গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। নচিকেতা জানান, বাংলাদেশে অনেক সুরকারের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার, তবে এই গানটির সুরে তিনি বিশেষ এক আমেজ পেয়েছেন।

তার বিশ্বাস, গানটির কথা ও সুর শ্রোতাদের মনের তালিকায় জায়গা করে নেবে।
সুরকার বেলাল খান বলেন, নচিকেতা চক্রবর্তী দুই বাংলাতেই সমান জনপ্রিয়। বর্তমান প্রজন্মের (জেন-জি) শ্রোতারাও তার গানের মাঝে নিজেদের খুঁজে পান। এমন একজন কিংবদন্তি শিল্পীর জন্য সুর করা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। নির্মাতা জানান, গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মানসম্মত ভিডিও নির্মাণ করা হয়েছে, যা দর্শকদের হতাশ করবে না।

Link copied!