ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বাবা সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ছুটলেন সালমান

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:১৫ পিএম

বাবা সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ছুটলেন সালমান

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সেলিম খানের ছেলে বলিউড তারকা সালমান খান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁকে উদ্বিগ্ন মুখে ঘোরাফেরা করতে দেখা গেছে। সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, আজ সকালে সেলিম খানকে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। 

বলিউডে উদ্বেগ
৯০ বছর বয়সী সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড। কয়েক বছর ধরেই সালমান খান ও তাঁর পরিবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে একাধিক হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছেও ই–মেইলে টাকা দাবি করে হুমকিবার্তা পাঠানো হয় বলে জানা যায়।

এমন পরিস্থিতির মধ্যেই পরিবারের কর্ণধারের অসুস্থতা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিকটবর্তী হওয়ায় দ্রুত লীলাবতী হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের বাইরে সালমান খানের সঙ্গে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও দেখা গেছে।

বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান
বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান

এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক তারকা হুমকি পাওয়ায় শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বলিউডের সেলিম
সমালোচকদের মতে, হিন্দি চলচ্চিত্রে সেলিম খান এক কিংবদন্তি নাম। লেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি সত্তরের দশকে বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেন। তাঁদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো সিনেমা আজও ক্ল্যাসিক হিসেবে বিবেচিত। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় জনপ্রিয় করে তোলেন অমিতাভ বচ্চন।

জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও সেলিম খান লেখালেখি চালিয়ে যান। ‘নাম’-এর মতো চলচ্চিত্রের চিত্রনাট্য তাঁর কলম থেকেই এসেছে। দীর্ঘ কর্মজীবনে বহু জনপ্রিয় সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখে তিনি বলিউডে অমোচনীয় ছাপ রেখেছেন।
ব্যক্তিজীবনে সেলিম খান প্রথমে সালমা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন।

গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেন সেলিম খান। জন্মদিনে পুরো পরিবার এক হয়েছিল। সেই উদ্‌যাপনের কয়েক মাসের মধ্যেই তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্ত ও সহকর্মীরা।

Link copied!