ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল, কেন

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল, কেন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য তাঁদের অনুমতি ছাড়া ব্যবহার করায় ব্যবহারকারীভেদে সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেবে গুগল। ক্ষতিপূরণ দেওয়ার জন্য এরই মধ্যে ১৩ কোটি ৫০ লাখ ডলারের তহবিল গঠন করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অজান্তে মোবাইল ডেটা ব্যবহার করে তথ্য স্থানান্তরের অভিযোগে দায়ের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এ ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ১২ নভেম্বর থেকে গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্র থেকে তথাকথিত ‘প্যাসিভ ডেটা ট্রান্সফার’ পরিচালনা করেছে। এ সময় ফোন ব্যবহার না করলেও ব্যবহারকারীদের মোবাইল ডেটা ও ওয়াই–ফাই নেটওয়ার্কের মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য আদান–প্রদান করেছে বলে দাবি করা হয়।

মামলায় বলা হয়েছে, গুগলের এই কার্যক্রম ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার নীতির পরিপন্থী ও সম্মতির মৌলিক নিয়মের লঙ্ঘন। কারণ, অনেক ব্যবহারকারী ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহারের অপশন বন্ধ করে রাখলেও বাস্তবে তথ্য স্থানান্তর বন্ধ হয়নি। আদালতে এ বিষয়টিকে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সমঝোতা তহবিল থেকে যুক্তরাষ্ট্রের ১০ কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা এই সমঝোতার আওতায় থাকছেন না। তাঁদের ক্ষেত্রে একই ধরনের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় ইতিমধ্যে ৩১ কোটি ৪০ লাখ ডলারের পৃথক সমঝোতা হয়েছে।

গুগল জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পেমেন্ট ব্যবস্থায় পাঠানো হবে। এই উদ্যোগের আওতায় একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে অর্থের পরিমাণ নির্ধারিত হবে ক্ষতিপূরণের উপযোগী ব্যক্তিদের সংখ্যার ওপর। যাঁরা পেমেন্ট পদ্ধতি পরিবর্তন বা অ্যাকাউন্ট–সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে চান, তাঁদের জন্য অনলাইনে ফরম চালু করা হবে।

সূত্র: বিজিআর

Link copied!