ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৩৮ পিএম

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

চলচ্চিত্র অঙ্গনের অবদানের স্বীকৃতিতে একুশে পদক-২০২৬ পেলেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই সম্মাননা প্রদান করেন।

একুশে পদকপ্রাপ্তি নিয়ে ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। আজ এই সম্মাননা গ্রহণ করেছি। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’

এর আগে একুশে পদক পাওয়ার বিষয়টি নিয়ে ববিতা সমকালকে বলেন, ‘আমি অনেক খুশি, অনেক বেশি আনন্দিত। কেননা, ভাষার মাসে একুশে পদক পাচ্ছি। ভাষার মাসে একুশে পদক প্রাপ্তি আমার জীবনের বড় প্রাপ্তি। সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবশেষে তারা এই সম্মানের জন্য আমাকে উপযুক্ত মনে করেছেন। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। এ পুরস্কারের আনন্দ সবার ওপরে মনে হচ্ছে। অনেক বেশি সুখের অনুভূতি কাজ করছে।’

ববিতা ছাড়াও ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া ব্যান্ড ওয়্যারফেজকেও পদক দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পুরস্কারপ্রাপ্তদের নাম ও গুণগত অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!