ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

নেপালে নির্বাচিতদের ৩৮ শতাংশই তরুণ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৩৫ পিএম

নেপালে নির্বাচিতদের ৩৮ শতাংশই তরুণ

নেপালের নবগঠিত প্রতিনিধি সভা এক বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে। সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ আইনপ্রণেতার জয়ী হওয়ার মাধ্যমে দেশটির রাজনৈতিক নেতৃত্বে এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত রোববার রাত পর্যন্ত ১৫৯টি নির্বাচনী এলাকার ঘোষিত ফলাফলে দেখা গেছে, ৫৯ জন প্রার্থী অর্থাৎ, প্রায় ৩৮ শতাংশ কেন্দ্রীয় আইনসভায় নির্বাচিত হয়েছেন, যাঁদের বয়স ৪০ বছরের নিচে। এটি নেপালের রাজনৈতিক নেতৃত্বের বয়সসীমায় একটি রূপান্তরের বার্তা দিচ্ছে।

নেপালে ২০২২ সালে নির্বাচিত সংসদে ৫১ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। সেখানে ৪০ বছরের কম বয়সী সদস্য ছিলেন মাত্র ১১ শতাংশ। একইভাবে ২০১৭ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি সভায় ৪০ বছরের কম বয়সীদের হার ছিল মাত্র ১৩ শতাংশ।

নেপালে তরুণ প্রতিনিধিদের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটিতে ৪০ বছরের কম বয়সীরা বেশি নির্বাচিত হয়েছেন। রোববার রাত পর্যন্ত নির্বাচিত ৫৯ জন তরুণ আইনপ্রণেতার মধ্যে ৫১ জনই আরএসপির। এই বয়সসীমায় নেপালি কংগ্রেসের ৪ জন এবং সিপিএন-ইউএমএলের ২ জন প্রতিনিধি রয়েছেন। এ ছাড়া রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির একজন প্রার্থীও জয়ী হয়েছেন।

সংসদে পা রাখা উল্লেখযোগ্য তরুণ মুখগুলোর মধ্যে রয়েছেন ঝাপা-৫ আসন থেকে ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, চিতওয়ান-৩ থেকে ৩০ বছর বয়সী সোবিতা গৌতম, রূপান্দেহি-২ থেকে ২৮ বছর বয়সী সুলভ খরেল এবং মোরং-৬ থেকে ৩১ বছর বয়সী রুবিনা আচার্য। এ ছাড়া ঝাপা-১ থেকে ২৯ বছর বয়সী নিশা ডাঙ্গি, কাঠমান্ডু-১ থেকে ৩০ বছর বয়সী রঞ্জু নেওপানে (দর্শনা) এবং কাঠমান্ডু-৫ থেকে ২৯ বছর বয়সী সস্মিত পোখরেল নতুন আইনসভার কনিষ্ঠ সদস্যদের তালিকায় স্থান পেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক সুচেতা প্যাকুরিয়াল মনে করেন, তরুণ নেতৃত্বের এই উত্থান নীতিগত অগ্রাধিকারের ক্ষেত্রে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—বিশেষ করে শিক্ষা, ডিজিটাল গভর্ন্যান্স, জলবায়ুনীতি এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলোতে।

তবে প্যাকুরিয়াল সতর্ক করে দিয়ে বলেন, প্রশাসনিক ব্যবস্থা এখনো অনেকাংশেই পুরোনো প্রাতিষ্ঠানিক চর্চার ওপর ভিত্তি করে কাঠামোবদ্ধ। এটি তরুণ রাজনৈতিক নেতা এবং আমলাতন্ত্রের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Link copied!