প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১২:৪১ পিএম
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ এ খবর জানিয়েছে। তবে এরই মধ্যে অন্য সমস্যা তৈরি হয়েছে।
ব্রাজিলিয়ান সিরি আতে আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মিরাসলের মুখোমুখি হবে সান্তোস। ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এ ম্যাচে খেলবেন না নেইমার। মিরাসলের স্টেডিয়ামে বসে এই ম্যাচটি দেখবেন আনচেলত্তি। আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের আরেকটু দেখে নিতে চান ব্রাজিল। সান্তোস-মিরাসল ম্যাচে যে আনচেলত্তির চোখ নেইমারের ওপরই থাকত, তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর ধারণা, এ ম্যাচে অনুপস্থিতির কারণে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার।

সান্তোসের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করেন নেইমারসান্তোস এক্স হ্যান্ডল
ও গ্লোবো জানিয়েছে, নেইমার তাঁর চোটের ব্যাপারটি বলার পর সান্তোস তাঁকে এ ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী রোববার সিরি আতে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন নেইমার। অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার এবং সে ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি।
গত ২৭ ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করেন নেইমার। সে ম্যাচে পুরো সময় খেলে আলোচনায় এলেও এরপর আর মাঠে নামেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করতে মিরাসলের বিপক্ষে ম্যাচে তাঁকে শারীরিকভাবে ফিট দেখতে চেয়েছিলেন আনচেলত্তি। কিন্তু চোটের কারণে ম্যাচটি না খেলার অর্থ হলো, নেইমার এখনো শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারেননি। আর আনচেলত্তি বেশ আগে থেকেই বলে আসছেন, ফিট হয়ে উঠলেই কেবল জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে নেইমারকে। ব্রাজিল জাতীয় দলে নেইমার সর্বশেষ খেলেন ২০২৩ সালের অক্টোবরে।
নেইমার গত সপ্তাহে সান্তোসের মাঠের অনুশীলনে অংশ নেননি। জিমেই অনুশীলন চালিয়ে গেছেন। তবে গত রোববার সতীর্থদের সঙ্গে দলীয় কৌশলগত অনুশীলনে অংশ নেন। সান্তোস-করিন্থিয়ান্স ম্যাচটি দেখতে গ্যালারিতে থাকবেন ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ মিনো ফুলকো ও গোলকিপিং কোচ ক্লদিও তাফারেল। সেদিন বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দেখতে নিল্টন সান্তোস স্টেডিয়ামে থাকবেন আনচেলত্তি।
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আপনার মতামত লিখুন :