প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৫৬ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। এতে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মেন ইন ব্লুরা।
শিরোপা জয়ের পর ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। স্যামসন-বুমরাহদের বাহবা দিচ্ছেন সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। সেখানে ব্যতিক্রম পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। প্রশংসার পরিবর্তে উল্টো ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। এত বেশি শিরোপা জিততে পারেনি আর কোনো দল। ক্রিকেটে ভারতের এমন একচেটিয়া দাপট মোটেও ভালোভাবে দেখছেন না শোয়েব। এশিয়ার দলটির এই আধিপত্য ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।
ভারতের আধিপত্যকে পাড়ার খেলায় ধনী ছেলের সঙ্গে তুলনা করে ট্যাপম্যাডের অনুষ্ঠান গেম অন হ্যায়-তে শোয়েব বলেন, ‘ধরুন কোনো পাড়ায় একজন ধনী ছেলে আছে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে—‘এসো, আমরা ক্রিকেট খেলি।’ ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আটটি দলের মধ্যে চারটি রাখে, আবার সেই চারটির মধ্যে তিনটিকে ডেকে সামনে এগিয়ে যায়, তারপর বলে—‘দেখো, আমি জিতে গেছি।’ তারা ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’

ফাইনালের আগে ভারতকে ফেভারিট মানলেও ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের জয় চেয়েছিলেন শোয়েব আখতার। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় ভারতের সামনে নিউজিল্যান্ড কিছুটা চাপে পড়তে পারে। তবে ভারতের ওপর ১৫০ কোটি মানুষের প্রত্যাশার চাপও আছে। আহমেদাবাদে তারা আগেও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। সব মিলিয়ে ভারত এগিয়ে, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন সময় এসেছে নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতার।’
আপনার মতামত লিখুন :