ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বড় হার দিয়ে এশিয়ান কাপ শেষ করলো বাংলাদেশ

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:২১ পিএম

বড় হার দিয়ে এশিয়ান কাপ শেষ করলো বাংলাদেশ

বড় হার দিয়ে এএফসি এশিয়ান কাপ শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। চীন ও উত্তর কোরিয়ার পর উজবেকিস্তানের কাছেও হারের তেঁতো স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। 

সোমবার (৯ মার্চ) পার্থের র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বেশ দাপুটে ফুটবল খেলেছে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে কয়েকবার রক্ষণে হানাও দেয় তারা। ডি বক্স ছেড়ে দলকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক মিলি।

 

একের পর এক আক্রমণে বাংলাদেশে চাপে রেখে ১০ মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

পিছিয়ে বাংলাদেশ, ঋতুপর্ণার আরেকটি দুর্দান্ত শট

 

এরপর নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে উজবেকিস্তানের রক্ষণে হানা দেয় বাংলার মেয়েরা। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমা অসাধারণ শট নেন। তবে তা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। 

৪২ মিনিটে গোলের দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বক্সের ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। অল্প সময়ের মধ্যে কয়েকবার আক্রমণেও যান ঋতুপর্ণারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি পাওয়া হয়নি বাংলাদেশের।

উলটো ম্যাচের ৬২ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন দিলদোরা নোজিমোভার। আর ৮৮ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন নিলুফার কুদ্রাতোভার। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে আফঈদা-ঋতুপর্ণারা।

Link copied!