ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ঈদের সকালে বানাতে পারেন শাহী সেমােই

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:৩৯ পিএম

ঈদের সকালে বানাতে পারেন শাহী সেমােই

ঈদের সকাল মানেই ঘরে ঘরে সুগন্ধ ছড়ানো গরম গরম সেমাই। পরিবারের সবাই একসঙ্গে বসে এই মিষ্টি খাবার উপভোগ করার আনন্দই আলাদা। সেই ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে যদি যোগ হয় একটু নবাবি ছোঁয়া, তাহলে তো কথাই নেই! আজ জেনে নিন ‘নবাবি সাওয়াইয়ান’ তৈরির সহজ রেসিপি।

উপকরণ

  • ঘি দেড় টেবিল চামচ

  • সেমাই (চূর্ণ করা) আধা কাপ

  • এলাচ গুঁড়া ১ চা-চামচ

  • দুধ ১ লিটার

  • চিনি আধা কাপ (স্বাদমতো)

  • কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ

  • দুধ ১/৪ কাপ (কাস্টার্ড মেশানোর জন্য)

  • ছানা বা ছানার মিষ্টি ২ টুকরা

  • টপিংয়ের জন্য লাগবে ঘি ২ টেবিল চামচ, সেমাই (চূর্ণ করা) আধা প্যাকেট, পেস্তা ও বাদাম কুঁচি ১/৪ কাপ, চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো এবং গুঁড়া দুধ ৪-৫ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে ঘি গরম করে নিন। ঘি গলে গেলে এতে সেমাই দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভেজে নিন। হালকা বাদামি রং হলে এতে এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর এতে দুধ ঢেলে ভালোভাবে নেড়ে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে চিনি দিয়ে দিন এবং মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে দুধ ঘন হয়ে আসে।

ঈদের সকালে বানাতে পারেন শাহী টুকরা, রইল রেসিপিঈদের সকালে বানাতে পারেন শাহী টুকরা, রইল রেসিপি
এদিকে আলাদা একটি বাটিতে কাস্টার্ড পাউডার ও ১/৪ কাপ দুধ ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি সেমাইয়ের মধ্যে ঢেলে দিন এবং নাড়তে থাকুন, যাতে দলা না বেঁধে যায়।

চুলা বন্ধ করে এতে ছানার মিষ্টি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতে সেমাই আরও ঘন হবে। এবার এটি কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

এবার টপিং তৈরির পালা। একটি ফ্রাইপ্যানে ঘি গরম করুন। এতে সেমাই দিয়ে কম আঁচে ২ মিনিট ভেজে নিন। এরপর পেস্তা ও বাদাম কুঁচি দিয়ে আরও ২ মিনিট ভাজুন। এবার চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করুন। শেষে দুধের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। টপিং তৈরি।

একটি সার্ভিং ডিশে প্রথমে টপিংয়ের একটি স্তর দিন। এরপর তৈরি করা সেমাই ঢেলে দিন। উপরেও আবার টপিং ছড়িয়ে দিন। চাইলে পেস্তা ও বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ঈদের সকালকে একটু ভিন্ন স্বাদে উপভোগ করতে এই ‘নবাবি সাওয়াইয়ান’ হতে পারে দারুণ একটি পছন্দ। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন মিষ্টি আর ভালোবাসায় ভরা এই পদ।

Link copied!