চন্দ্র ও ইংরেজি বর্ষপঞ্জির পার্থক্যের কারণে ২০৩০ সালে মুসলিম বিশ্বে দুবার পবিত্র রমজান মাস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই বছরে মোট ৩৬টি রোজা পালনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবেন মুসলিমরা।
তথ্য অনুযায়ী, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হতে পারে ৫ জানুয়ারি এবং শেষ হবে ফেব্রুয়ারির শুরুতে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে আবার রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০৩১ সালের জানুয়ারি পর্যন্ত চলবে। ফলে ২০৩০ সালে মোট ৩৬টি রোজা পড়বে।
এদিকে ২০৩৩ সালেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সে বছরও দুবার রমজান এবং তিনটি ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ বছরে দুবার রোজা রাখার বিষয়টি নিয়ে জানান, ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস। এ হিসাবে পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।
তিনি জানান, একই বছর ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।
২০৩০ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। ক্যালেন্ডারে দেখা গেছে, ওই বছর প্রথম রমজানটি শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় রমজান মাসটি শুরু হবে ২৬ ডিসেম্বর, যা শেষ হবে ২০৩১ সালের ২৪ জানুয়ারি। সুতরাং, ২০৩১ সালে অপর রমজানের ঈদুল ফিতর ঈদটি অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :