প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:১৪ পিএম
প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির আগমন ও প্রতিমন্ত্রীকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে আট জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন। তাদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, পুলিশ লাইন্স থেকে আজকে প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে। একটি অটো রিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় আট পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দু’জনকে গুরতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :