ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ঈদের কেনাকাটায় গিয়ে দোকানের ছাদ ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩০ পিএম

ঈদের কেনাকাটায় গিয়ে দোকানের ছাদ ধসে শিক্ষার্থী নিহত, আহত ৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের বাজার করতে বেরিয়ে দোকানের ছাদ গিয়ে ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন

রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহর পুলিশ বক্সের পশ্চিম পাশের সোনাইমুড়ি সড়ক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সোনাইমুড়ি সড়ক সংলগ্ন স্থানীয় দোকান থেকে ঈদের কেনাকাটা করতে মায়ের সঙ্গে এসেছিলেন ফাহাদ। এসময় ছেলেকে সড়ক সংলগ্ন ‘আল মুনসুর ড্রাগ হাউজের’ সামনে অপেক্ষা করতে বলে বিপরীতে অবস্থিতে একটি দোকানে কাপড় কিনতে যান তার মা। এসময় আল মুনসুর ড্রাগ হাউসের ছাদ হঠাৎ ধসে পড়ে। ছাদচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফাহাদ হোসেন। এতে অন্তত ৪ থেকে ৫ জন পথচারী আহত হন। ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। 

 

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ছাদচাপা পড়ে একজন নিহত হয়েছে। কয়েকজন আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ওই ভবন মালিকের কোনো গাফেলতি আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Link copied!