ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

২ মাসের জন্য বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ ঘোষণা

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০১:৪৬ এএম

২ মাসের জন্য বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ ঘোষণা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বর্তমান ফেজের কয়লা শেষ হওয়ায় বুধবার (৩০ আগস্ট) থেকে বন্ধ হয়ে যাচ্ছে কয়লা উত্তোলন। নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য আগামী দুই মাস কয়লা উত্তোলন বন্ধ থাকবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯ টার পর দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান জাফর সাদিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও চালু করতে প্রায় দুই মাস সময় লাগবে। পরের ফেজের উৎপাদন শুরু হবে অক্টোবরের শেষ দিকে। ধারণা করা হচ্ছে নতুন ফেজ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির ১ হাজার ১১৩ ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলনের পর উৎপাদিত কয়লা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। এই ফেজে মজুদ শেষ হয়ে যাওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য বুধবার খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ করা হবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি চালু আছে। যা থেকে প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। ইউনিট চালু রাখতে প্রতিদিন ২ হাজার মেট্রিকটন কয়লা প্রয়োজন হয়। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ড ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার মেট্রিকটন কয়লা মজুদ রয়েছে। যা দিয়ে প্রায় দুই মাস তাপ বিদ্যুতের এই ইউনিটটি সচল রাখা সম্ভব।

Link copied!