ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

‘দাগি’ থেকে ‘অন্তরাত্মা’, টিভিতে দেখা যাবে ৬ সিনেমা

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৩৮ পিএম

‘দাগি’ থেকে ‘অন্তরাত্মা’, টিভিতে দেখা যাবে ৬ সিনেমা

শাকিব খান, আফরান নিশো ও শরিফুল রাজ। ফাইল ছবি

ঈদ মানেই টেলিভিশন চ্যানেলগুলোর বিশেষ আয়োজন। নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি দর্শকদের জন্য থাকে সিনেমার  পসরা। বিশেষ করে নতুন সিনেমার টিভি প্রিমিয়ার ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে ছয়টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

তালিকায় রয়েছে ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘প্রিয় মালতী’, ‘ইনসাফ’, ‘মন যে বোঝে না’ ও ‘জ্বীন থ্রি’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো।

ঈদের দিন প্রচার হবে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক। পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটি মুক্তির কথা ছিল ২০২১ সালের রোজার ঈদে, তবে নানা কারণে তা পিছিয়ে যায়। পরবর্তীতে গত বছরের রোজার ঈদের এক সপ্তাহ আগে হঠাৎ ঘোষণা দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। কিন্তু পর্যাপ্ত প্রচারের অভাবে কাঙ্ক্ষিত সাড়া পায়নি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী। ঈদের দ্বিতীয় দিন থাকছে ‘দাগি’।

গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় কাজ। পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো এখানে নিশান চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, হত্যার দায়ে অভিযুক্ত নিশান ১৪ বছর কারাভোগের পর মুক্তি পায়। নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলেও অতীত তাঁকে ছাড়ে না। নতুন করে জড়িয়ে পড়ে সহিংসতায়, আবারও এলোমেলো হয়ে যায় তাঁর জীবন।

ঈদের তৃতীয় দিনে প্রচার হবে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবীন অভিনয় করেছেন মালতী রানী দাশ চরিত্রে। পলাশ কুমার দাশের সঙ্গে নতুন জীবন শুরু করলেও একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বদলে যায় তাঁর জীবনের ছন্দ।

সিনেমাটিতে আরও আছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী ও সমু চৌধুরী। চতুর্থ দিনে প্রচারিত হবে ‘ইনসাফ’। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং পুলিশ কর্মকর্তা জাহান খানের ভূমিকায় তাসনিয়া ফারিণ। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন মোশাররফ করিম, মিশা সওদাগর ও ফজলুর রহমান বাবু। ক্যামিও চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

সিনেমাটি গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ঈদের পঞ্চম দিনে টিভি প্রিমিয়ার হবে ‘মন যে বোঝে না’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা। ২০১৩ সালে শ্রীলঙ্কায় শুরু হওয়া এই সিনেমার শুটিং নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল। প্রথমে ‘লাভলী: মন বোঝে না’ নামে শুরু হলেও এক যুগ পর এটি মুক্তির মুখ দেখে। সিনেমাটির পরিচালনা শুরু করেছিলেন শাহাদাৎ হোসেন লিটন, শেষ করেন আয়েশা সিদ্দিকা।

সবশেষে ঈদের সপ্তম দিনে প্রচারিত হবে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ সিরিজের তৃতীয় কিস্তি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ঘরানার এ ছবিতে সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গল্প উঠে এসেছে। অভিনয়ে রয়েছেন আবদুন নূর সজল, নুসরাত ফারিয়া ও তানিয়া আহমেদ প্রমুখ।  

Link copied!