বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে হলে নিরাপত্তার বিষয়টাই সবার আগে মাথায় আসে। কোন দেশে অপরাধ কম? কোথায় স্বাস্থ্যসেবা দ্রুত পাওয়া যায়? কোথায় নারী বা সংখ্যালঘুরা নিশ্চিন্তে ঘুরতে পারেন? এসব বিষয় মাথায় রেখেই প্রতি বছর বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকা প্রকাশ করে ইনস্যুরেন্স কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন। আর তাদের ২০২৬ সালের তালিকার শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস!
স্বভাবিকভাবেই শান্তিপ্রিয় মানুষের দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডস। উন্নত স্বাস্থ্যব্যবস্থা, নিরাপদ পরিবেশ, পরিষ্কার–পরিচ্ছন্ন নগরজীবন আর ভ্রমণকারীদের প্রতি আন্তরিক মনোভাব সব মিলিয়ে দেশটি অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। বিশেষ করে নারী ভ্রমণকারী, সমকামী সম্প্রদায়ের সদস্য এবং সংখ্যালঘু পরিচয়ের যেকোনো ভ্রমণকারী সবার জন্যই নেদারল্যান্ডস অত্যন্ত নিরাপদ বলে জরিপে উঠে এসেছে। ২০২৪ সালে যেখানে দেশটির অবস্থান ছিল ১৪তম, সেখান থেকে এক লাফে উঠে এখন এক নম্বরে।
এখন আর নিরাপত্তা মানেই শুধু অপরাধ কম হওয়া নয়। পর্যটকেরা জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যঝুঁকি এমনকি পরিবেশগত নিরাপত্তাকেও বড় করে দেখছেন। বার্কশায়ার হ্যাথাওয়ে বলছে, সব দিক মিলিয়ে নেদারল্যান্ডসই ২০২৬ সালের সেরা নিরাপদ দেশ।
নেদারল্যান্ডসের পরই রয়েছে অস্ট্রেলিয়া। বিস্তীর্ণ দেশটিতে সন্ত্রাসবাদ ও সহিংসতার ঝুঁকি কম আর স্বাস্থ্যসেবা অসাধারণ। তৃতীয় স্থানে অস্ট্রিয়া। বরফ, পর্বত আর শান্ত শহরের দেশ হিসেবে ভ্রমণকারীদের কাছে আগে থেকেই অস্ট্রিয়া বেশ জনপ্রিয়। গতবারের শীর্ষ দেশ আইসল্যান্ড এবার নেমে গেছে চতুর্থ স্থানে। শান্তিপূর্ণ দেশ হলেও নিয়মিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই সেখানকার অন্যতম ঝুঁকি। আর পঞ্চম স্থানে আছে কানাডা প্রশান্ত, উন্নত আর ভদ্র মানুষের দেশ।
এক নজরে শীর্ষ ১৫ নিরাপদ দেশ (২০২৬)
১. নেদারল্যান্ডস
২. অস্ট্রেলিয়া
৩. অস্ট্রিয়া
৪. আইসল্যান্ড
৫. কানাডা
৬. নিউজিল্যান্ড
৭. সংযুক্ত আরব আমিরাত
৮. সুইজারল্যান্ড
৯. জাপান
১০. আয়ারল্যান্ড
১১. বেলজিয়াম
১২. পর্তুগাল
১৩. ফ্রান্স
১৪. যুক্তরাজ্য
১৫. ডেনমার্ক
১,৮০০ এর বেশি মার্কিন ভ্রমণকারীর অভিজ্ঞতা, নিরাপত্তা রেটিং, জলবায়ু ঝুঁকি, স্বাস্থ্যব্যবস্থার মান, সংখ্যালঘু নিরাপত্তা এসব বিশ্লেষণ করে এই র্যাংকিং তৈরি হয়েছে। ফলে তালিকাটি ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য নির্দেশিকা হয়ে উঠেছে।
নিরাপদ দেশ মানেই নিশ্চিন্ত ভ্রমণ। কিন্তু তার মানে এই নয় যে সতর্কতা ছাড়া ঘুরে বেড়াতে হবে। সঠিক প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং সাধারণ সচেতনতা সব মিললেই এসব দেশে আপনার ভ্রমণ হবে আরও মসৃণ, আনন্দময় এবং স্মরণীয়।
আপনার মতামত লিখুন :