ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বিসিবি সভাপতি বুলবুল দেশে আসবেন কবে, যা জানা যাচ্ছে

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৯:১১ পিএম

বিসিবি সভাপতি বুলবুল দেশে আসবেন কবে, যা জানা যাচ্ছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে তাই গেল ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন তিনি।

তিনি ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন, এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আজ শুক্রবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানালেন বুলবুলের দেশে ফেরার খবর। এদিন ক্রীড়া সাংবাদিকদের সংগঠন (বিএসজেএর) ইফতার শেষে মুখোমুখি হন গণমাধ্যমের।

সেখানে ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয় গুঞ্জন চলতেছে বিসিবি সভাপতি পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন। এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘‘আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতটুকু জানি, উনি ঈদের পরে আসবেন।’’

পরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে ফারুক বলেন, ‘‘আপনারা জানেন যে, ৫২টা ফেডারেশন এসেছিল সেদিন। শুধুমাত্র ক্রিকেট নিয়ে কোনো আলাদা আলোচনা হয়নি। উনি একটা গাইডলাইন দিয়েছেন, বেতন কাঠামোতে আনতে চান। শেষ এক বছরে কী হয়েছে, এগুলো জানতে চেয়েছেন। তো ওরকম করে আলাদা করে কিছু কথা হয়নি।’’

Link copied!