ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল আফগানিস্তান

আমাদের খবর ২৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৩৩ পিএম

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল আফগানিস্তান

দীর্ঘ চার বছর সফলভাবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পালনের পর বিদায় নিয়েছেন জোনাথন ট্রট। তার জায়গায় আফগান ক্রিকেটের হাল ধরছেন বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ একটি প্রতিবেদনে পাইবাসের আফগানিস্তানের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

রিচার্ড পাইবাস বিশ্ব ক্রিকেটের এক পরিচিত মুখ। দীর্ঘ সময়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালেও তুলেছিলেন তিনি।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ দল যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তখন তিনি বোর্ডটির ক্রিকেট ডিরেক্টর ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও পালন করেন।

এদিকে ২০১২ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে খুব বেশিদিন কাজ করা হয়নি তার। চুক্তির শর্ত নিয়ে ঝামেলার কারণে তিনি দ্রুত পদত্যাগ করেছিলেন।

আফগানিস্তানের কোচ হিসেবে পাইবাসের প্রথম মিশন শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

জোনাথন ট্রটের অধীনে আফগানিস্তান গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেদের ‘জায়ান্ট কিলার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ছিল তাদের ইতিহাসের সেরা সাফল্য। তবে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় টিম ম্যানেজমেন্ট নতুন করে চিন্তা শুরু করেছে এবং পাইবাসের অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে।

Link copied!