প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৪২ পিএম
গত মাসে নেপালের মাটিতে বাছাইপর্ব শেষ হয়েছে। এর মাধ্যমে ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দল চূড়ান্ত হয়েছে। এবার নিশ্চিত করা হয়েছে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও। এটি নারী ক্রিকেটের জন্য এটি একটি স্মরণীয় আসর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে চলবে এই টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৩টি।
স্বাগতিক ইংল্যান্ডের মাটিতে খেলতে দেখা যাবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে। তীব্র লড়াইয়ের মাধ্যমে বাছাইয়ের বাধা পেরিয়ে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এটি বিশ্বজুড়ে নারী ক্রিকেটের শক্তি ও প্রসারের প্রমাণ রাখে। ইউরোপ মহাদেশের দলগুলোর জন্য এটি একটি ঐতিহাসিক টুর্নামেন্টে হতে যাচ্ছে। কারণ, অংশগ্রহণকারী এক-তৃতীয়াংশ দলই ইউরোপিয়ান।
এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান। এই গ্রুপে আরও আছে নেদারল্যান্ডস। অন্যদিকে, শিরোপাধারী নিউজিল্যান্ডের সঙ্গে দুই নম্বর গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ জুন দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই।
বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান ও ২৫ জুন ভারতকে মোকাবিলা করবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ এক: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস
গ্রুপ দুই: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
গ্রুপ পর্বে বাংলাদেশ দলের ম্যাচগুলোর সূচি (বাংলাদেশ সময় অনুসারে):
রোববার, ১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, এজবাস্টন, বিকাল ৩টা ৩০ মিনিট
বুধবার, ১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হেডিংলি, বিকাল ৩টা ৩০ মিনিট
শনিবার, ২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান, রোজ বোল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বৃহস্পতিবার, ২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত, ওল্ড ট্র্যাফোর্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
রোববার, ২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, লর্ডস, বিকাল ৩টা ৩০ মিনিট।
আপনার মতামত লিখুন :